ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ ও বাংলাদেশের রাষ্ট্রভাষা আন্দোলন
DOI:
https://doi.org/10.66329/BAP.v68i2.1Abstract
[ডক্টর] মুহম্মদ শহীদুল্লাহ্ বাংলা ভাষা ও সাহিত্যের একজন কৃতী গবেষক। আমৃত্যু তিনি এ পর্যায়ে নানারকম কাজ করেছেন। গবেষক হিসেবে তিনি অপরাপর ভারতীয় এবং ইংরাজি ভাষা-সাহিত্যের সঙ্গে তুলনামূলক গবেষণা করে মাতৃভাষা বাংলা সাহিত্যের ঐতিহ্য ও উৎকর্ষতার বিষয়টি সামনে এনেছেন। সাতচল্লিশোত্তর পাকিস্তানের শিক্ষানীতি সম্পর্কে তাঁর অভিমত, শিক্ষায় মাতৃভাষার আবশ্যিকতার সাথে সাথে সমকালীন শিক্ষাপদ্ধতিতে বৈষম্য এবং অসম্পূর্ণতার পরিণাম ইত্যাদি বিষয়ে বিভিন্ন লেখায় তিনি আলোকপাত করেছেন। প্রাক-স্বাধীনতাকালে ভারতবর্ষের ‘সাধারণ ভাষা' বা Lingua Franca বিষয়ে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ, স্বাধীন ভারতের রাষ্ট্রভাষার দাবিদার হিসেবে উর্দু, হিন্দি, বাংলা, ইংরেজির মধ্যে ভাষাতাত্ত্বিক এবং সাহিত্যিক মানদণ্ডের বিচার এবং এতে কোন ভাষার অগ্রাধিকার পাওয়া উচিত তা আলোচনা করেছেন। এসব করতে গিয়ে পূর্ব-পাকিস্তানের রাষ্ট্রভাষা সমস্যা, ভাষা আন্দোলন-সর্বোপরি ভাষাগত জাতীয়তাবোধে, অসাম্প্রদায়িক এবং সম্প্রীতি চেতনায় বাঙালিকে উদ্বুদ্ধকরণে তিনি বিরাট ভূমিকা পালন করেছেন। এক অর্থে বাংলাদেশের রাষ্ট্রভাষা আন্দোলনের তিনিই পথিকৃৎ বুদ্ধিজীবী বলে প্রতীয়মান হয়।