ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : তাঁর সাফল্য ও সীমাবদ্ধতা

Authors

  • আমিনুল ইসলাম Author

DOI:

https://doi.org/10.66329/BAP.v68i2.7

Abstract

উনিশ শতকের বঙ্গীয় প্রবুদ্ধ সমাজের পুরোধা ব্যক্তিত্বদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) ছিলেন অন্যতম। সেকালে ভারতীয় সমাজের অগ্রগতির ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ ঐকান্তিক দায়িত্ব পালন করেছিলেন। শিক্ষাবিস্তার, পাশ্চাত্যের জ্ঞানচর্চার প্রসার ও বিশেষ করে স্ত্রীশিক্ষার উন্নয়নে ঈশ্বরচন্দ্রের ভূমিকার চমৎকারিত্ব স্বীকৃত এবং এই বিষয়ে অনেক ক্ষেত্রে তাঁকে সমালোচনার সম্মুখীনও হতে হয়েছিল। যখন তাঁর জন্ম হয়, তখন বাংলার ধর্ম ও সমাজজীবন ছিল এক চরম ক্রান্তিকালের মুখোমুখি। একদিকে যেমন খ্রিষ্টান মিশনারিদের অত্যধিক উৎসাহ ও আগ্রহে হিন্দুধর্মের অস্তিত্ব বিপন্ন হয়েছিল, অন্যদিকে তেমনি রাধাকান্ত দেবের (১৭৮৪-১৮৬৭) নেতৃত্বে রক্ষণশীলদের প্রবল রাধায় হিন্দুধর্ম ও সমাজ সংস্কারের প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছিল। খ্রিষ্টান মিশনারিদের হাত থেকে হিন্দুধর্মকে রক্ষা করার ব্রত যদি রামমোহন রায় (১৭৭২-১৮৩৩) গ্রহণ না করতেন, তাহলে সনাতন হিন্দুধর্মের পরিণতি কি হতো, তা অনুমান করা কঠিন। খ্রিষ্টান মিশনারীদের তখন একমাত্র লক্ষ্য ছিল যেনতেন প্রকারে ভারতে খ্রিষ্টধর্মের প্রচার করা। খ্রিষ্টান মিশনারিদের মনের ভাব আলেকজান্ডার ডাফ খোলাখুলিভাবেই প্রকাশ করে বলেছিলেন এভাবে : 'the prevalent idea seemed to be, that by fair means or foul-by bribery or magical influence by denunciation or corporeal restraint we were determined to force the youngmen to become christians.' Fr রামমোহনের কঠোর যুক্তিবাদ ও উদারনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সর্বোপরি তাঁর একেশ্বরবাদ ও সর্বধর্ম সমন্বয়ের প্রচেষ্টা হিন্দুদের মনঃপূত হয়নি। ফলে রামমোহনকে হিন্দুদেরই একটা বড়ো অংশ পছন্দ করেনি। তাঁর প্রগতিশীল সমাজ সংস্কারে রাধাকান্ত দেব ও তাঁর অনুগামী রক্ষণশীলরা বাধা দিয়ে ১৮৩০ সালে ‘ধর্মসভা’র প্রতিষ্ঠা করেছিলেন। তাঁদের লক্ষ্য ছিল, এই সব সংস্কারের প্রচেষ্টা ভেঙে দেওয়া। অথচ হিন্দু সমাজের কুপ্রথা ও কুসংস্কার দূর করতে না পারলে হিন্দুধর্মের পক্ষে খ্রিষ্টান মিশনারিদের আক্রমণ ঠেকানো সম্ভব ছিল না। শুধু খ্রিষ্টান মিশনারিরাই নয়, বেপরোয়া ডিরোজিওর অনুগামী ইয়ংবেঙ্গলের সদস্যগণও হিন্দুধর্মের অস্তিত্ব বিলোপ করতে চাইছিল। সুতরাং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন সমাজ সংস্কারের কাজে ব্রতী হন, তখন কোনো দিক থেকেই পরিস্থিতি তাঁর অনুকূল ছিল না। 

Downloads

Published

2024-06-30

How to Cite

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : তাঁর সাফল্য ও সীমাবদ্ধতা. (2024). বাংলা একাডেমি পত্রিকা, 68(2), ৮৩-১১৮. https://doi.org/10.66329/BAP.v68i2.7