রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শন ও তার বাস্তবায়ন
DOI:
https://doi.org/10.66329/bap.v69i1-4.708Abstract
রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শন ঔপনিবেশিক আমলের যান্ত্রিক ও মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থার বিপরীতে মানবিক, সৃজনশীল ও জীবনঘনিষ্ঠ শিক্ষার একটি স্বতন্ত্র ধারণা নির্মাণ করে। এই প্রবন্ধে তাঁর শিক্ষাচিন্তার চারটি প্রধান মাত্রা বিশ্লেষিত হয়েছে: শিশুর চরিত্র ও নৈতিক-বৌদ্ধিক বিকাশ; চিন্তাশক্তি ও কল্পনাশক্তির চর্চা; শিক্ষা, মাতৃভাষা, প্রকৃতি ও বাস্তব জীবনের সমন্বয়; এবং ব্যক্তিগত প্রতিভার বিকাশ ও শিল্পচর্চায় অংশগ্রহণ। ‘শিক্ষাসংস্কার’ ও ‘শিক্ষার হেরফের’ প্রবন্ধে প্রকাশিত রবীন্দ্রনাথের বক্তব্যের আলোকে দেখানো হয়েছে যে তাঁর কাছে প্রকৃত শিক্ষা কেবল তথ্য বা পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞানার্জন নয়, বরং স্বাধীনভাবে চিন্তা, অনুসন্ধান ও কাজ করার সক্ষমতা গড়ে তোলার প্রক্রিয়া। শান্তিনিকেতন ও পরবর্তীকালে বিশ্বভারতীর শিক্ষাপদ্ধতিতে এই দর্শনের বাস্তব রূপ লক্ষ করা যায়। প্রকৃতির উন্মুক্ত পরিবেশ, মাতৃভাষা, শিল্প-সংগীত এবং শিক্ষার্থীর স্বাভাবিক প্রতিভাকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ যে শিক্ষাভাবনা নির্মাণ করেছিলেন, তা আজও মানবিক ও সৃজনশীল শিক্ষার আলোচনায় তাৎপর্য বহন করে। আন্তর্জাতিক গবেষণার নির্বাচিত আলোচনার সঙ্গে এই চারটি মাত্রাকে মিলিয়ে ব্যক্তি-স্বাধীনতা, সামাজিক দায়িত্ব ও অন্তর্ভুক্তির সম্পর্কও বিচার করা হয়েছে।