ওদুদের চোখে নজরুল: মতাদর্শিক ও নান্দনিক পটভূমি
DOI:
https://doi.org/10.66329/bap.v69i1-4.711Abstract
কাজী আবদুল ওদুদের নজরুল-মূল্যায়ন বাংলা সাহিত্যের পাঠক-তাত্ত্বিক-সমালোচকদের কাছে বরাবরই কৌতূহল-উদ্দীপক বিষয় হিসাবে গণ্য হয়ে আসছে। ব্যক্তিত্বসম্পন্ন সাহিত্য-মূল্যায়নকারী হিসাবে ওদুদের প্রতিষ্ঠা এবং নজরুল-সাহিত্যের সাথে তাঁর তাত্ত্বিক-নান্দনিক ফারাক এ কৌতূহলের উৎস। তাঁর মূল্যায়নে ওই দ্বিধা-দ্বন্দ্ব আলোচকদের অনেকেই লক্ষ করেছেন। তবে তাত্ত্বিক-নান্দনিক দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা-বিশ্লেষণে কেউ অগ্রসর হননি। বর্তমান প্রবন্ধে এ অনালোকিত দিক উন্মোচনের লক্ষ্যে ওদুদের নজরুল-বিষয়ক রচনাদি পঠিত হয়েছে নব্যসমালোচনাবাদী নিবিড়-পাঠ পদ্ধতিতে, যেখানে রচনাগুলোর পটভূমি বিশ্লেষণের জন্য ঐতিহাসিক সমালোচনা-পদ্ধতির আশ্রয় নেওয়া হয়েছে। দেখানো হয়েছে, ওদুদের নজরুল-পাঠ নিছক পক্ষাবলম্বন বা বিরোধিতা নয়; বরং দুজনের মতাদর্শিক ও নান্দনিক ফারাকের সুস্পষ্ট প্রতিফলন। এ দিকটি স্পষ্ট করার স্বার্থে প্রবন্ধে ওদুদ ও নজরুলের মতাদর্শিক ফারাক চিহ্নিত করা হয়েছে। নন্দনতাত্ত্বিক স্কুলের পার্থক্য শনাক্ত করে দেখানো হয়েছে, ওদুদসহ আরও বহু সমালোচক নজরুলকে পাঠ করেছেন সেকালের প্রভাবশালী নন্দনতাত্ত্বিক নিক্তিতে। ফলে নজরুলের সাহিত্য ও ব্যক্তিত্বের বহু শক্তিশালী দিক চিহ্নিত করা সত্ত্বেও বিবেচনায় এক ধরনের দ্বিধা-দ্বন্দ্ব থেকেই গেছে। পাঠের এ পদ্ধতি একদিকে নিশ্চিত করে, ওদুদ নিজের বিচার-বিবেচনার স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রেখেই নজরুল-পাঠ করেছেন; আর অন্যদিকে এও স্পষ্ট হয়, ব্যক্তিত্বসম্পন্ন পাঠের কারণেই নজরুল-পাঠের বহু সিদ্ধরসের ব্যাপারে একমত হতে না পারলেও ওদুদের বিবেচনায় এমন অনেকগুলো অনালোকিত দিকের ইশারা আছে, যা খোদ নজরুল-পাঠেরই নতুন দিগন্ত উন্মোচন করে।