নুরুল মোমেনের নাটক নেমেসিস : বাংলায় দুর্ভিক্ষের রাজনৈতিক কাব্যতত্ত্ব
DOI:
https://doi.org/10.66329/bap.v69i1-4.715Abstract
উত্তর-ঔপনিবেশিক সাংস্কৃতিক ভুবনে আত্মপরিচয়ের সংকটের মধ্যে প্রগতি, গণতন্ত্র ও মানবতাবাদী সৃষ্টিশক্তি নিয়ে নাট্যচর্চায় আবির্ভূত হন এক কুশলী নাট্যশিল্পী নুরুল মোমেন (১৯০৬-১৯৯০)। তাঁর লেখা সর্বাধিক আলোচিত নাটক নেমেসিস । নুরুল মোমেনের নেমেসিস নাটক সম্পর্কিত প্রচলিত প্রভাবশালী সমালোচনা-পাঠ-পর্যালোচনা নিরীক্ষা করে দেখা যায় যে, বাংলা নাটকে এটি বিষয় ও আঙ্গিকে এক অভিনব নিরীক্ষার চিহ্ন বহন করছে। বাংলাদেশের সাহিত্য সমালোচনাশাস্ত্রের অধিপতি ধারা পর্যালোচনা করে বলা যায় নেমেসিস একটি অতীব সমাদৃত এবং একটি তাৎপর্যপূর্ণ সাহিত্যকর্ম হিসেবে গৃহীত হয়েছে। ফলে, এই তাৎপর্যপূর্ণ সৃষ্টিকর্মের নতুন পাঠ-পদ্ধতি প্রণয়ন ও ভিন্ন পাঠার্থ প্রস্তাবের লক্ষ্যে এই প্রবন্ধের অবতারণা। নেমেসিস নাটককে কেন্দ্র করে পাঠের যে ডিসকোর্স গড়ে উঠেছে তা মূলত সাহিত্যশাস্ত্রবাদী। সাহিত্যশাস্ত্রবাদী সমালোচনা পদ্ধতি থেকে প্রস্থান করে, নাট্যবাদী পাঠ-পদ্ধতি প্রয়োগ করে এই প্রবন্ধের জ্ঞানতাত্ত্বিক প্রশ্ন হল বর্তমান জ্ঞানগত শুন্যতা পূরণ করে নেমেসিস নাটকের সমকালীন নতুন কী অর্থ-তাৎপর্য আহরণ করা সম্ভব? এই প্রশ্নের জবাবে, নাট্য ইতিহাসতত্ত্ব ও নয়া ইতিহাসবাদী পর্যালোচনামূলক তত্ত্বের আশ্রয়ে, এই প্রবন্ধে নাটকের একটি ঘনিষ্ঠ পাঠ হাজির করতে সচেষ্ট হয়েছে। নিবিড় পাঠের মাধ্যমে এই প্রবন্ধ প্রস্তাব করছে যে, নেমেসিস বাংলায় পঞ্চাশের মন্বন্তরের পটভূমিতে নয়, বরং খোদ দুর্ভিক্ষই এই নাটকের কাব্যতত্ত্ব গঠন করেছে।