সমকালীন বাংলা ব্যাকরণে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাকরণ ভাবনার প্রভাব
DOI:
https://doi.org/10.66329/bap.v69i1-4.717Abstract
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও ব্যাকরণ সম্পর্কে দুটি গ্রন্থ রচনা করেছিলেন; বাংলা শব্দতত্ত্ব ও বাংলাভাষা-পরিচয় । গ্রন্থদুটিতে তিনি বাংলা ভাষার উদ্ভব, বিকাশ, সংস্কৃত ভাষার প্রভাব, ইংরেজি ভাষায় ব্যবহৃত শব্দের উচ্চারণ বৈচিত্র্যের সাথে বাংলা শব্দের উচ্চারণ বৈচিত্র্যের তুলনামূলক পার্থক্য এবং ব্যাকরণিক নানা বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। এছাড়া তিনি বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোকে বাংলা ভাষার ধ্বনির উচ্চারণ, শব্দের বৈচিত্র্য, বাক্যের গঠন ও প্রকৃতি, অর্থের পরিবর্তন আলোচনার পাশাপাশি বাংলা, ইংরেজি ও সংস্কৃত ভাষা এবং ব্যাকরণসমূহের মধ্যে তুলনামূলক আলোচনাও সংযুক্ত করেছেন। তাঁর এই আলোচনা পরবর্তী সময়ে বাংলা বৈয়াকরণদের প্রভাবিত করেছে। সমকালীন তিনটি ব্যাকরণ যথাক্রমে — প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি এবং বাংলা ভাষার বর্ণনা: একটি বিকল্প ব্যাকরণ বইয়ে তাঁর বাংলা শব্দতত্ত্ব ও বাংলাভাষা-পরিচয় গ্রন্থের প্রভাব রয়েছে। তবে সেই প্রভাব কতোখানি প্রাসঙ্গিক বা এসব বইয়ে নতুন কী কী বিষয় সংযোজিত হয়েছে, তা অনুসন্ধান করার চেষ্টা করা হয়েছে এই প্রবন্ধে। ঐতিহাসিক গবেষণা পদ্ধতির অন্তর্ভুক্ত পাঠ-বিশ্লেষণ কৌশল অবলম্বনে রচিত এই প্রবন্ধে বাংলা ব্যাকরণ-চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা, সমকালীন বাংলা ব্যাকরণে এর প্রভাব এবং ব্যতিক্রম নিয়ে তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে।