দুই সৈনিক
Abstract
গুলজার (১৯৩৪– ) : ভারতের স্বনামধন্য কবি, গীতিকার, লেখক, গল্পকার, চলচ্চিত্রকার ও চিত্র পরিচালক। তাঁর জন্মনাম সম্পুরণ সিং কারলা। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি ভারতের দিল্লি চলে যান। সেখানে দিল্লি ইউনাইটেড স্কুল এবং সেন্ট স্টিফেন্স কলেজের লেখাপড়া শেষে ভাগ্য অন্বেষণে বোম্বাই শহরে পাড়ি জমান। ১৯৬১ সালে তিনি পরিচালক বিমল রায়ের প্রোডাকশন হাউসে যোগদান করেন এবং ‘কাবুলিওয়ালা’ চলচ্চিত্রের জন্য গান রচনা করে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৮ সালে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির ‘জয় হো' গানের জন্য সুরকার এ আর রাহমানের সঙ্গে তিনি গীতিকার হিসেবে সম্মানজনক অস্কারে ভূষিত হন। একই গানের জন্য ২০১০ সালে ভূষিত হন গ্র্যামি অ্যাওয়ার্ডে। কবি ও গল্পকার হিসেবেও তাঁর কর্ম ও খ্যাতি আকাশছোঁয়া। উর্দু, হিন্দি ও পাঞ্জাবি ভাষায় স্বচ্ছন্দে কবিতা ও গল্প লেখেন। হিন্দির বিভিন্ন আঞ্চলিক ভাষা যেমন ব্রজ ভাষা, খাড়িবোলি, হারিয়ানভি ও মাড়োয়ারিতে ও কবিতা লিখতে তিনি সিদ্ধহস্ত। রাত পাশমিনে কি, চান্দ পাখরাজ কা, পন্দ্রা পাঁচ পাঁচাত্তর, পাজি নাজম্ এবং প্লুটো তাঁর কবিতা সংকলন। দো লোগ তাঁর একমাত্র উপন্যাস। রাভি পার এবং নিউ দিল্লি টাইমস তাঁর ছোটোগল্প সংকলন। উর্দু-ফার্সি কবি মির্জা গালিবের জীবনী তাঁর একটি অনন্য গবেষণাকর্ম। তেইশবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, পাঁচবার জাতীয় পুরস্কার এবং একবার সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত গুলজার ভারতের সম্মানজনক রাষ্ট্রীয় পুরস্কার ‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’ এবং ‘পদ্মভূষণ' উপাধিতেও ভূষিত হয়েছেন।