সুমন পোখরেলের কবিতা
Abstract
নেপালের স্বনামধন্য, এবং সম্ভবত বহির্বিশ্বে সর্বাধিক পরিচিত, কবি সুমন পোখরেলের জন্ম ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর। কবি পরিচয়ের পাশাপাশি তিনি একাধারে একজন সুখ্যাত গীতিকার, নাট্যকার, অনুবাদক ও চিত্রশিল্পীও বটে । বহুভাষী কবি সুমন পোখরেল নেপালি ভাষা ছাড়াও হিন্দি, উর্দু এমনকি ইংরেজিতেও কবিতা রচনা করে থাকেন। তাঁর ইংরেজি ভাষার কবিতা মূলে, এবং অন্যান্য ভাষায় লিখিত কবিতাসমূহ অনুবাদের মাধ্যমে, পৃথিবীর বহু দেশের নামকরা পত্রপত্রিকা ও নানাবিধ প্রকাশনাসমূহে ছাপা হয়ে থাকে। তিনি নিজেও অন্যান্য ভাষার প্রতিষ্ঠিত কবিদের কবিতা নেপালিতে অনুবাদ করে থাকেন নিয়মিত। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন মর্যাদাবান সাহিত্য উৎসবগুলোতেও তিনি অংশগ্রহণ এবং কবিতা পাঠ করে থাকেন। সুমন পোখরেল দুই-দুইবার, ২০১৩ ও ২০১৫ সালে সার্ক সাহিত্য পুরস্কারে ভূষিত হন। সুমনের কবিতায় প্রেম, বিরহ, বিচ্ছেদ ইত্যাদি ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি আস্তিত্বিক জিজ্ঞাসা, দার্শনিক উপলব্ধি ও সমকালের সমাজভাবনার প্রতিধ্বনিও শুনতে পাওয়া যায় প্রায়ই। তাঁর কবিতার ভাষা গীতল, কোমল এবং বুদ্ধিদীপ্ত উচ্চারণে সমৃদ্ধ। এখানে অনূদিত একটি বহুবিখ্যাত কবিতা ‘তাজমহল ও আমার প্রেম'-এ তাঁর এই স্বভাবসুলভ স্বকীয়তা ও বুদ্ধির ঔজ্জ্বল্যটুকুর বহিঃপ্রকাশ লক্ষ করি আমরা ষোলোআনা। সুমন পোখরেলের কবিতাসমূহ ইংরেজিতে অনুবাদ করেন মূলত নেপালেরই আরেক বিখ্যাত কবি অভি সুবেদী।