নিভা সাহার কবিতা
Abstract
নেপালের সমসাময়িক জনপ্রিয় কবি নিভা সাহার জন্ম ১৯৭১ সালে কাঠমান্ডুর এক অভিজাত পরিবারে। মাওবাদী আন্দোলনের ক্যাডার হিসেবে গৃহযুদ্ধে অংশগ্রহণ করেন, বহু বছর আত্মগোপনে থেকেছেন এবং জেল খেটেছেন। তাঁর অনেক কবিতায় তাই সাম্যবাদী ও প্রতিবাদী বক্তব্য প্রাধান্য পায়। কবির প্রকাশিত কাব্যসংকলন তিনটি—ইনকিলাব জিন্দাবাদ (২০০৬), কালাপানি কা দ্রৌপদী (২০০৯) এবং মানসারা (২০১৫)। তাঁর পাওয়া সাহিত্য পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য পারিজাত সৃজনশীল পুরস্কার, গরিমা পুরস্কার এবং কৃষ্ণসেন প্রতিভা পুরস্কার। নিভা সাহা নেপালি, থারু, সিনজা ও হিন্দি ভাষায় লেখালেখি করেন। মানসারা কবিতাটি অনুবাদের জন্য এর তিনটি ইংরেজি অনুবাদ পড়েছি, ইউটিউবে কবির স্বকণ্ঠে আবৃত্তি শুনে কবিতার ব্যাখ্যা ও আবেগ বুঝে এর মূলভাব বুঝতে চেয়েছি আর ‘দুনিয়া বদল' ধরনের শব্দগুলো মূলানুগ রেখেছি। কবির জীবনী এবং কয়েকটি সাক্ষাৎকার পড়েছি অন্তর্জাল থেকে। নিভা এক সাক্ষাৎকারে বলেছেন, মানসারা হলো ‘মনের মধ্যে বাস করা এক মুক্ত পাখি'। হয়তো একে ‘মনপাখি' বলা যায় বাংলায়।