সম্পাদকীয়
DOI:
https://doi.org/10.66329/BAAP.v1i2.1Abstract
প্রতিষ্ঠাকাল থেকে বাংলা একাডেমি অনুবাদ সাহিত্যকে গুরুত্ব দিয়ে আসছে। অনুবাদের মাধ্যমে বাংলার প্রাচীন ইতিহাস, ভাষা-আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলা ভাষায় রচিত সাহিত্য বিশ্ববাসীর সামনে তুলে ধরা এবং বিশ্বের অন্যান্য ভাষায় রচিত সৃজনশীল ও মননশীল গ্রন্থ অনুবাদের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টিশীলতা ও জ্ঞানচর্চার ক্ষেত্র প্রসারিত করা বাংলা একাডেমির অন্যতম প্রধান কাজ। এছাড়াও অনুবাদবিষয়ক সেমিনার ও অনুবাদ-প্রশিক্ষণের মাধ্যমে দেশে মানসম্মত অনুবাদক তৈরি করার কাজটিও বাংলা একাডেমি গুরুত্বসহকারে বিবেচনা করে। অনুবাদসংক্রান্ত এ-সকল কাজ বাংলা একাডেমির অনুবাদ, পাঠ্যপুস্তক ও আন্তর্জাতিক সংযোগ বিভাগের অধীনে অনুবাদ উপবিভাগ থেকে সম্পাদিত হয়। অনুবাদগ্রন্থ-প্রকাশের পাশাপাশি অনুবাদ উপবিভাগ থেকে ‘বাংলা একাডেমি অনুবাদ পত্রিকা' ও 'The Bangla Academy Journal' শীর্ষক দুটি পত্রিকা প্রকাশিত হয়। পৃথিবীর বিভিন্ন ভাষার সৃজনশীল ও মননশীল সাহিত্যের অনুবাদ ‘বাংলা একাডেমি অনুবাদ পত্রিকা'য় প্রকাশিত হয় এবং ‘The Bangla Academy Journal'-এ বাংলাদেশের ইংরেজি সাহিত্য ও বাংলা ভাষার সাহিত্য ইংরেজি ভাষায় অনূদিত হয়ে প্রকাশিত হয়। 'The Bangla Academy Journal' কয়েক দশক ধরে প্রকাশিত হলেও ‘বাংলা একাডেমি অনুবাদ পত্রিকা' নতুন সংযোজন। ইতোমধ্যে পত্রিকাটি পাঠকপ্রিয়তা অর্জন করেছে। বর্তমান সংখ্যাটি পত্রিকার দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল বিশ্বের প্রায় চল্লিশটি দেশের কবিতা-গল্প-প্রবন্ধ-সাক্ষাৎকারের অনুবাদ নিয়ে। এবারের সংখ্যাটি দক্ষিণ এশিয়ার সাহিত্যের বিশেষ সংখ্যা হিসেবে প্রকাশিত হলো। সার্কভুক্ত ভারত- পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপাল-ভুটান-মালদ্বীপ আফগানিস্তানের সাহিত্য সম্পর্কে একটা আপাত চিত্র এই সংখ্যার মধ্য দিয়ে উঠে এসেছে।