আত্মজৈবনিক রচনা
Abstract
আমার জন্ম ১৯৩৬-এ, জুন মাসের ২৩ তারিখে। আব্বা তাঁর ছেলেমেয়েদের জন্মের সাল তারিখ একটি খাতায় লিখে রাখতেন, সেখান থেকেই এই তথ্য পাওয়া। সেকালে নিয়ম ছিল মা'দের প্রথম সন্তান মা'দের বাবার বাড়িতেই ভূমিষ্ঠ হবে; সেই নিয়মে আমার প্রথম ক্রন্দন নানাবাড়িতেই। আমার নানাবাড়ি ও দাদাবাড়ি আড়িয়াল বিলের এপারে ওপারে। আড়িয়াল বিল ঢাকার বিক্রমপুর পরগনার অনেকটা এলাকা দখল করে রেখেছিল। বর্ষাকালে তো বিল নয়, মনে হতো সমুদ্র। সমুদ্রের এপারে দাদাবাড়ি বাড়ৈখালি, ওপারে নানাবাড়ি সাইনপুকুর। সাইনপুকুরেরও আবার দুই ভাগ—খালপাড় ও পদ্মাপাড়। পদ্মাপাড়ের লোকদের সুবিধা বেশি, ভাগ্যকূলে স্টীমার ঘাট থাকার জন্য। সেখান থেকে স্টীমারে চেপে গোয়ালন্দ হয়ে রেলে করে সরাসরি কলকাতায় গিয়ে হাজির হওয়া যেত।