মহাপ্ৰস্তুতি

Authors

  • রেজাউদ্দিন স্টালিন Author

DOI:

https://doi.org/10.66329/UTR.v100i101.15

Abstract

রেজাউদ্দিন স্টালিন
মহাপ্ৰস্তুতি
আরো এক হাজার বিস্ময়কর কবিতা লেখার প্রস্তুতি চলছে
এবং এক হাজার পিরামিড তৈরির পরিকল্পনা
যেসমস্ত বই এখনো লেখা হয়নি সেগুলো
মুদ্রণের কার্যাদেশ চূড়ান্ত
কারাগারের ফটকগুলো ফাঁক যেন বন্দিরা ইচ্ছেমতো ঢুকতে কিংবা বেরুতে পারে
আর লাইব্রেরির দরোজা বন্ধ কেননা পৃথিবীর শ্রেষ্ঠ সব বই না পড়ে কেউ বেরুতে
না পারে
ব্যাংকগুলো তার প্রয়োজন হারিয়েছে ফলে
এখন সবার বাড়িতে টাকা ছাপার মেশিন থাকবে
প্রতিটি বাড়ির সিংহদ্বারে
ধাতব নাইটিংগেলের গান
রাষ্ট্র বছরে বিতরণ করবে
মৃত্যু নিরোধক পোশাক
সত্তর হাজার বছর ধরে হোমোস্যাপিয়ান্সের
শ্রমে এই সভ্যতা
এখন তারা ঘুমাবে সঙ্গমনৃত্যে বুঁদ হবে
আর আনন্দে ডুবে থাকবে
শ্রম দেবে রোবট আর তাদের ছেলেমেয়েরা
গল্প কবিতা লিখবে-কৃত্রিম প্রতিভার কবিরা
মানুষ শুধু দেখবে আর হাসবে
হাসবে আর চুমু খাবে
নদীতে নামবে না
গাছে উঠবে না
মাছ ধরবে না
পাহাড়ে পা দেবে না
পথে দাঁড়িয়ে প্রতীক্ষা করবে না
এলিয়ন ইগল ঠোঁটে করে পৌঁছে দেবে গন্তব্যে
থাকবে পৃথিবীর সাথে মহাকাশের
সংযোগ সিঁড়ি এক্সিলেটর
স্বর্গের অপ্সরী আর অপ্সরাগণের
যাতায়াত শুরু হবে পৃথিবীতে
প্রেমের চেয়ে বেশিকিছু মনে হবে
স্বপ্নের চেয়ে অধিক কিছু
কিন্তু কোনো উত্থান নেই
স্বৰ্গীয় পাপ নেই
এ মহাজীবন মিশে যাবে অন্য এক ধরণির সাথে

Downloads

Published

2025-11-30

How to Cite

মহাপ্ৰস্তুতি. (2025). উত্তরাধিকার, 100(101), ১২৪. https://doi.org/10.66329/UTR.v100i101.15