ফ্রানৎস কাফকার কবিতা: এক শকুন

Authors

  • মোবারক হোসেন লিটন Translator

DOI:

https://doi.org/10.66329/UTR.v100i101.27

Abstract

ফ্রানৎস কাফকার কবিতা 
এক শকুন
অনুবাদ : মোবারক হোসেন লিটন
এক শকুন, ঠুকরে চলে আমার পা দুটো। বুট ও মোজা সে আগেই ছিন্নভিন্ন করে
ফেলেছে,
এখন ঠুকরে চলে আমার পায়ের উপর। অবিরাম আঘাত হেনে, উড়ে গিয়ে
অস্থিরভাবে ঘোরে আমার চারপাশে, তারপর পুনরায় নিজ কর্মে লেগে পড়ে ৷
এক মহাশয় ওই পথ দিয়ে যান, কিছুক্ষণ তাকিয়ে থেকে শুধান, কেন শকুনটিকে সহ্য
করি। ‘বড্ড অসহায় যে আমি!'—বলি।
‘ওটা এসে ঠোকরানো শুরু করে যখন, তাড়াতে চেয়েছিলাম তাকে, এমনকি তার
কণ্ঠরোধও করতে চেয়েছি তখন, কিন্তু এমন বিশাল হিংস্র সত্তাটা বড়ো শক্তিশালী; ওটা
আমার মুখের উপর ঝাঁপিয়ে পড়ে তাই বরং পা দুটো ঠোকরাতে দেওয়াই ভালো মনে
হলো। এখন পা দুটো প্রায় ছিন্নভিন্ন।'
‘এভাবে এমন যন্ত্রণা পোহাচ্ছেন!’-মহাশয় বলেন। ‘একটা গুলি, আর শকুনের ঠোকরের
সমাপ্তি !’
“তা, হয় নাকি এমন?’–শুধাই তারে; ‘তা মশায়, কাজটা কি একটু করে দেখাতে
পারেন?'
‘সানন্দে!’-তিনি বলেন। ‘খালি বাড়ি গিয়ে বন্দুকটা আনতে যতক্ষণ। আরও আধঘণ্টা
অপেক্ষা করতে পারবেন?’
‘জানি না,’–বলি আমি, আর ব্যথায় কয়েক পল পাথরের মতো দাঁড়িয়ে থাকি। তারপর
বলি—যাই হোক, হোক গে, কৃপা করে চেষ্টা করে দেখুন তবে।'
‘অতি উত্তম’—মহাশয় বলেন। ‘এই যাবো আর আসবো।'
এই বাকবিনিময়ের সময় শকুনটা শান্তভাবে শুনছে, তার চোখ আমার আর এই মহাশয়ের
দিকে পড়ছে ঘুরে ঘুরে। এই ক্ষণে দেখি, ওটা সবকিছু উপলব্ধি করে; ওটা উড়ে যায়,
যথেষ্ট গতি তুলে ডানায় নিজের ঘাড়-গলা বহু দূর পিছনে বাঁকিয়ে-তারপর জেলেদের
হাতের কোঁচের মতো তার ঠোঁট গেঁথে যায় মুখের ভেতর দিয়ে, আমার গভীরে।
পিছু হটতে হটতে ঢলে পড়ি এক স্বস্তি নিয়ে-ভূ-পতিত হই, যখন শকুনটার নিরুপায়
হয়ে আমার রক্তে ডুবে যাওয়াটুকু টের পাই অনুভবে, যে রক্ত আমার সমস্ত গভীর সুড়ঙ্গ
পূর্ণ করে, সকল কূল ছাপিয়ে উপচে পড়ে।

Downloads

Published

2025-11-30

How to Cite

ফ্রানৎস কাফকার কবিতা: এক শকুন. (2025). উত্তরাধিকার, 100(101), ১৮১. https://doi.org/10.66329/UTR.v100i101.27