সক্রেটিসের সমস্যাসমূহ
DOI:
https://doi.org/10.66329/UTR.v100i101.30Abstract
জীবন সম্পর্কে প্রায় সকল যুগের সকল পণ্ডিতই এই উপসংহারে উপনীত হয়েছেন যে, এটা ভালো কিছু নয়। অন্যসব মানুষের মুখ থেকে সব সময় এবং সবখানেই জীবন সম্পর্কে একই স্বর শুনতে হয়—একটিমাত্র স্বর যা সংশয়ে, বিষণ্নতায়, ক্লান্তিতে-শ্রান্তিতে, বিধি-নিষেধে পরিপূর্ণ। এমনকি সক্রেটিসও মৃত্যুর সময় বলেছিলেন, ‘বেঁচে থাকা মানে দীর্ঘ সময় ধরে রুগ্ন থাকা। আমি অ্যাসক্লেপিয়াসের কাছে কৃতজ্ঞ যিনি আমাকে এক গৃহপালিত জীবন থেকে নিষ্কৃতি দিচ্ছেন।' এমনকি সক্রেটিসও জীবন সম্পর্কে ক্লান্ত ছিলেন। এতে কী প্রমাণিত হয়? এতে কী প্রতীয়মান হয়? একটা সময় কেউ কেউ বলতেন (বিশেষত আমাদের নৈরাশ্যবাদীরা খুব জোরেশোরে বলতেন), ‘জীবনে অন্তত কিছু না কিছু সত্য থাকতে হবে! মনীষীদের সর্বসম্মত সিদ্ধান্ত অবশ্যই আমাদেরকে সে সত্যটুকু দেখাবে।' আমরা কি এখনো এভাবে কথা বলি? বলি নাকি? আমরা বলি, ‘জীবনে অন্তত কিছু না কিছু রুগ্নতা থাকতে হবে! সকল যুগের সকল মনীষীকে খুব সূক্ষ্মভাবে নিরীক্ষা করা উচিত। তারা কি নিজের নড়বড়ে পায়ের ওপর দাঁড়িয়ে ছিলেন? টলটলে পায়ের ওপর? অধঃপতিত পায়ের ওপর? মৃত পায়ের ওপর? এটা কি সেই জ্ঞান যা দুনিয়ায় লোভাতুর হয়ে আবির্ভূত হয়েছে, এটা কি সেই গলিত মাংসের টুকরো যেটির জন্য হুমড়ি খেয়ে পড়েছে দাঁড়কাকের দল?