Vol. 5 No. 1 (2023): বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা : নবপর্যায় ।। বর্ষ ৫।। সংখ্যা ১।। জুলাই-ডিসেম্বর ২০২৩

					View Vol. 5 No. 1 (2023): বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা : নবপর্যায় ।। বর্ষ ৫।। সংখ্যা ১।। জুলাই-ডিসেম্বর ২০২৩

সম্পাদক : মুহম্মদ নূরুল হুদা
নির্বাহী সম্পাদক : সমীর কুমার সরকার
সহকারী সম্পাদক : মনিরুজ্জামান রোহান

 

স ম্পা দ কী য়

বাহান্নর ভাষা আন্দোলনের আদর্শিক স্মৃতিচেতনাবাহী বাংলা একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন শাখায় গবেষণা ও প্রকাশনাসহ বাংলা ভাষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। এ প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত আমাদের সংস্কৃতির পরিচর্যা, উন্নয়ন এবং সম্প্রসারণের অভিপ্রায় নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছে।বিশ্বব্যাপী ভারসাম্যময় উন্নয়নে বিজ্ঞান এক গুরুত্বপূর্ণ নিয়ামক। এতে বিজ্ঞানবিষয়ক সাময়িকীর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। অথচ আমাদের দেশে বাংলা ভাষায় কোনো আন্তর্জাতিক মানের বিজ্ঞান পত্রিকা নেই। এই পরিপ্রেক্ষিতে বিজ্ঞানচর্চার প্রসারের লক্ষ্যে বাংলা একাডেমি ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’ প্রকাশ করে আসছে। ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’ বাংলাদেশের বিজ্ঞানচর্চার ক্ষেত্রে একটি অগ্রণী প্রকাশনা হিসেবে স্বীকৃত। এ পত্রিকার মাধ্যমে দেশে প্রাতিষ্ঠানিকভাবে বিজ্ঞানচর্চায় বাংলা ভাষার ব্যবহার বিস্তৃত হচ্ছে। একই সঙ্গে বলা যায়, এর ফলে বাংলা ভাষায় বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয় সম্পর্কে জানা সহজতর হয়েছে। বিজ্ঞান এবং বাংলা ভাষা একে অপরকে অলংকৃত করেছে। লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। বাংলা একাডেমি বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে এদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি লালন করছে নিজস্ব ঐতিহ্যে। ঠিক এই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’ বাংলা ভাষায় সমৃদ্ধ হয়েছে; ঋদ্ধ করেছে জাতিকে, নতুন প্রজন্মকে এবং বিজ্ঞানমনস্ক সর্বস্তরের মানুষকে। 

‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’ প্রকাশের মাধ্যমে বাংলা একাডেমি বাংলাদেশের বিজ্ঞানসেবী ও বিজ্ঞানচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের কাছে বেশকিছু বার্তা প্রদানে সক্ষম হয়েছে। এর অন্যতম হলো আমাদের মাতৃভাষা বাংলায় বিজ্ঞানের জটিল ও কঠিন বিষয়সমূহ আয়ত্ত করার পাশাপাশি বিজ্ঞানকে সকলের কাছে জনপ্রিয় করে তোলাও সম্ভব। বিজ্ঞানের বিভিন্ন শাখার অনাবিষ্কৃত জটিল ও কঠিন বিষয় নিয়ে যেসব গবেষক কাজ করছেন, তাঁদের কাছে ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’র গ্রহণযোগ্যতা রয়েছে।

সম্প্রতি পত্রিকাটি নতুন কলেবরে প্রকাশিত হয়েছে। প্রতিটি প্রবন্ধে দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) সারসংক্ষেপ থাকছে। এর ফলে প্রতিটি মূলপ্রবন্ধ আন্তর্জাতিক বিবলিওগ্রাফিতে অন্তর্ভুক্ত হবে বলে আশা করি।  

‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’য় লেখকদের জন্য নির্দেশাবলি মুদ্রিত হয়েছে। কোনো প্রবন্ধ বা নিবন্ধ প্রেরণ করার পূর্বে এই নির্দেশাবলি যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট লেখকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। আপনাদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ এই পত্রিকাটির মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি।


মুহম্মদ নূরুল হুদা
dgbanglaacademy@gmail.com

প্রকাশকাল: 2026-09-24

Articles